বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি নিয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরেবাংলা নগরে যাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সুবিধাজনক সময়ে সারা দেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
আরও জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও কিছু কর্মসূচির প্রস্তাবনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই সেগুলো চূড়ান্ত করে গণমাধ্যমকে জানানো হবে।
জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন। ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে তিনি প্রেরণা জুগিয়েছিলেন। পরবর্তীতে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্র—এই তিনটি প্রত্যয় সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
