বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কয়েকটি সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। জাতীয় সংসদ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট ও আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।
দিনের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে আসতে থাকেন।
কর্মসূচি শেষে বিএনপির বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে সেখানে আসেন। এতে সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে যানজট আরও বেড়ে যায়।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফারজানা আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি থেকে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন। সাধারণত আধা ঘণ্টায় অফিসে পৌঁছালেও আজ তার প্রায় সোয়া ৯টা বেজে যায়।
যানজটের কারণ জানতে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার পরামর্শও চান।
‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে একজন লেখেন, ধানমন্ডি থেকে বিজয় সরণির সড়ক পুরোপুরি আটকে আছে। প্রায় ৪০ মিনিট ধরে একই জায়গায় আটকে আছেন তিনি।
আরেকজন লেখেন, মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো সমস্যা হয়েছে কি না, বুঝতে পারছেন না। এক ঘণ্টা ধরে গাড়ি নড়ছে না। অনেককে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখেছেন তিনি।
সকাল সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংসদ এলাকার আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল ধীর ছিল। তবে ঢাকার অন্য অনেক এলাকায় তুলনামূলকভাবে যান চলাচল স্বাভাবিক ছিল।
