শরীয়তপুরের জাজিরায় বাড়ির রান্নাঘরে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রোকেয়া বেগম (৪৫) ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে। আরও দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত রোকেয়াকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলেও জানান ওসি।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামের এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি সালেহ্ আহমেদ বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, গত ১০ আগস্ট সন্ধ্যায় একই উপজেলার মুলনা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত মান্নান সরদার (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
