গাজীপুর কারখানার চেয়ারম্যানের চুরি হওয়া ১ কোটি টাকার ৯৭ লাখ উদ্ধার, গ্রেপ্তার ৩

গাজীপুরে একটি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরির ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ (শিল্প পুলিশ) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের ল্যাভেন্ডার ফ্যাশনের চীনা চেয়ারম্যান কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে বিরতির জন্য গাড়ি থামান। এ সময় তার ব্যক্তিগত চালক জাহিদ হাসান গাড়িতে রাখা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে কারখানার মালিকের মোবাইল ফোনে ক্ষমা চেয়ে খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান জাহিদ।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে গাজীপুরের শিল্প পুলিশ-২। পরে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে গাড়িচালক মো. জাহিদ হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তার ঝিনাইদহ বাসা থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এছাড়া জাহিদের মামা ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের মো. আক্তারুজ্জামানকে (৫১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জাহিদের স্ত্রী নাসিমা আক্তারকেও (২৪) টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১০ লাখ টাকা।

পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ বাসা ভাড়া, আসবাবপত্র ও মোবাইল ফোন কিনতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। পরে এসব আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে শিল্প পুলিশ-২ সবসময় সতর্ক রয়েছে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার ও চুরি হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এ অভিযানে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সহায়তা করেছে।

আমজাদ হোসেন বলেন, উদ্ধার করা টাকা ও গ্রেপ্তার তিনজনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Latest Posts