চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটা আর দশজনের মতো হলো না বরুসিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী তারকা কনস্তান্তিনোস কারেতসাসের। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের মাত্র ২৫ মিনিটেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন গ্রিসের এই তরুণ প্রতিভা। পরে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে।
Konstantinos Karetsas had to leave the field due to circulatory problems. Kosta is doing well under the circumstances and is on his way to the hospital for further tests. pic.twitter.com/WMYbxkdTEk
— Borussia Dortmund (@BlackYellow) September 8, 2026
ম্যাচের শুরুতে স্বাভাবিকভাবেই খেলছিলেন কারেতসাস। এক সতীর্থকে বল পাস দেওয়ার পর হঠাৎ রেফারির দৃষ্টি আকর্ষণ করে নিজের অসুস্থতার কথা জানান তিনি। এরপর মাঠেই বসে পড়েন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
ডর্টমুন্ড এক বিবৃতিতে জানায়, ‘রক্তসঞ্চালনজনিত সমস্যার কারণে কনস্তান্তিনোস কারেতসাসকে মাঠ ছাড়তে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কোস্তা ভালো আছে এবং আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছে।’
মাঠেই কারেতসাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সে সময় ম্যাচের স্কোর ছিল ০-০।
সতীর্থের অবস্থা নিয়ে আশাবাদী ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলও। অ্যামাজন প্রাইমকে তিনি বলেন, ‘আমি আশা করছি এবং মনে করছি সবকিছু ঠিক আছে। আশা করি, সে দ্রুত আমাদের সঙ্গে ফিরে এসে পুরোপুরি ফিট হবে।’
গ্রীসের ফুটবলের অন্যতম বড় ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত কারেতসাসকে চলতি গ্রীষ্মে বড় অঙ্কের অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে ডর্টমুন্ড। সাবেক বেলজিয়াম অনূর্ধ্ব-দলীয় খেলোয়াড় এই তরুণকে জেঙ্ক থেকে ৩ কোটি ইউরোতে কিনেছে জার্মান ক্লাবটি।
কারেতসাসের সঙ্গে একই সময়ে গ্রীসের আরেক তরুণ তারকা ইয়ানিস কনস্তান্তেলিয়াসকেও দলে নেয় ডর্টমুন্ড। পিএওকে থেকে তাঁকে কিনতে খরচ হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো। তবে কনস্তান্তেলিয়াস গত মাসে বুন্দেসলিগায় অভিষেকেই হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান। সেই চোটের কারণে চলতি মৌসুমে তাঁর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
কারেতসাসের ঘটনাটি অবশ্য ডর্টমুন্ডের ম্যাচের উত্তেজনা থামাতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে জার্মান ক্লাবটি। রেনাতো ভেইগার আত্মঘাতী গোলের পর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন সেরহু গিরাসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম ম্যাচটিও জয় দিয়ে স্মরণীয় করে রাখেন এই ফরোয়ার্ড।
