ফেনীতে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যেই মামলা দায়ের, আসামি গ্রেপ্তার, চুরি হওয়া চেইন উদ্ধার এবং অভিযোগপত্র দাখিলের পর সংক্ষিপ্ত বিচারে আসামিকে এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কারাদণ্ড পাওয়া আসামির নাম মো. সাগর মিয়া (২১)। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া দক্ষিণ পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে।
ফেনী সদর মডেল থানা-পুলিশ গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত সোমবার রাত ৯টার দিকে ফেনী জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় জয়কালীবাড়ী মন্দিরে যান। সেখানে ভিড়ের মধ্যে এক ছিনতাইকারী পেছন থেকে টান দিয়ে তার গলার স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সুদীপ্তা চক্রবর্তী থানায় মামলা দায়ের করলে পুলিশ সাগর মিয়াকে গ্রেপ্তার করে এবং স্বর্ণের চেইনটি উদ্ধার করে। এরপর গতকাল মঙ্গলবারই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
ফেনী সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. আবু জাহের বাদল আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে সাগর মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাভোগ করতে হবে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কালচারাল অফিসারের চেইন চুরির ২৪ ঘণ্টার মধ্যেই আইনি সব ধাপ পেরিয়ে আসামির বিচার করা হয়েছে।
