গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে ১১ দলের লংমার্চের কর্মসূচি ও তাদের দাবিদাওয়া নিয়ে পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় জিএমপি কমিশনারের স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পোস্টটি কর্তৃপক্ষের অজান্তেই আপলোড করা হয়েছিল। তিনি পেজটির অ্যাডমিন হলেও বিষয়টি প্রকাশ করার আগে অনুমোদন নেওয়া দরকার ছিল। আমাদের উপপুলিশ কমিশনার (মিডিয়া) এবং কমিশনারের কার্যালয় রয়েছে। অনুমোদন না নেওয়ার কারণে আপাতত তাকে দায়িত্ব থেকে সরিয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।’
গত শনিবার ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বক্তব্য দেন।
এই পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লংমার্চের গন্তব্য ও জোটের আট দফা দাবি তুলে ধরা হয়।
