ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাহারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার জানিয়েছে ডন।

এদিকে, লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক আদেশে বলা হয়েছে, আলিমা খান ও আরেক ব্যক্তিকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বরের ওই আদেশের একটি অনুলিপি ডনের কাছে রয়েছে। এতে বলা হয়, ডেপুটি কমিশনার (ডিসি) মুহাম্মদ আলী ইজাজ ১৯৬০ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের (এমপিও) আওতায় তাদের আটক বা গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

এমপিওর আওতায় কর্তৃপক্ষ আটকাদেশ দিতে পারে এবং এ ধরনের আদেশের বিচারিক পর্যালোচনার সুযোগ সীমিত করা যায়।

ডিসি তার আদেশে মুহাম্মদ আমির নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন।

এতে বলা হয়েছে, তাদের হেফাজত লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের অধীনে থাকবে। এই আদেশের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের কাছে আবেদন করার স্বাধীনতা তাদের থাকবে।

ডিসি তার আদেশে লাহোর ক্যাপিটাল সিটি পুলিশের এক কর্মকর্তার চিঠির উল্লেখ করেছেন।

আদেশে বলা হয়েছে, ওই চিঠিতে আলিমা ও আমির ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য ক্ষতিকর’ বলা উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালের ৯ মে ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার পিটিআইয়ের সমর্থক ও কর্মীরা রাস্তায় নামলে ওই দুজন সড়ক অবরোধ ও বিক্ষোভে জড়িত ছিলেন।

এতে বলা হয়েছে, ওই দুজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে ডন যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান এক্সে পোস্ট করে জানিয়েছেন, আলিমার ‘গ্রেপ্তারের’ খবর তাকে তার বোন নূরিন নিয়াজি জানিয়েছেন।

আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভের আগে আলিমা খানকে গ্রেপ্তার করা হলো। ইমরানকে কারাগার থেকে মুক্তি ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিতে ওই বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

পোস্টে গোহর বলেন, আমরা স্পষ্ট করেছি, আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। আমাদের সাংবিধানিক ও রাজনৈতিক দাবিগুলো পূরণের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করাই আমাদের লক্ষ্য; আমরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চাই না।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে এমপিওর আওতায় আলিমা খানকে গ্রেপ্তার করা সহিংসতা ও উত্তেজনা উসকে দেওয়ার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি এ ধরনের সব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান এবং আলিমার অবিলম্বে মুক্তি দাবি করেন।

 

Related Articles

Latest Posts