কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ী ফাঁড়িতে রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্যের অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজ শুক্রবার কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে জানান, আমরা ইতোমধ্যেই পাটিকাবাড়ি ফাঁড়িটি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলামও ফাঁড়িটি পরিদর্শন করেন।
অচেতন হয়ে পড়া পুলিশ সদস্যরা হলেন—ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, এসআই কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।
এসআই মনিরুজ্জামান বলেন, ‘রাত ১০টার দিকে আমরা রাতের খাবারে আলু দিয়ে মুরগির মাংস ও সাদা ভাত খাই। খাওয়ার পরপরই অচেতন হয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর বলেন, ‘তারা সবাই সুস্থ হয়ে গেছেন। চেতনানাশক কিছু একটা দেওয়া হয়েছিল। সেটা কী আমরা জানি না। আসলে লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না যে কী হতে পারে।’
