এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজ রোববার রাতে তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে, সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সেসময় এমপি নজরুল ওই ফ্ল্যাটেই ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে উপকমিশনার ইবনে মিজান সাংবাদিকদের বলেন, আমরা সন্ধ্যা ৭টার পর খবর পাই ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহের খবর পাই। পরে পুলিশ, সিআইডি, পিবিআই, ডিবি সেখানে যায়।’

‘আমরা জানতে পারি কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামের। সেখানে গিয়ে আমরা আইনগত কাজগুলো করি। আমরা জানতে পারি মরদেহটি এমপির দ্বিতীয় স্ত্রীর,’ যোগ করেন তিনি।

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এখন এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহের সুরতহালের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, ‘আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। বাকিগুলো তদন্তের বিষয়।’

এমপিকে কি হেফাজতে নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হেফাজতে না, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।’

এর আগে, গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Related Articles

Latest Posts