আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার সামনে লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হন।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার জামগড়া চৌরাস্তায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানাটির কম্পাউন্ডে থাকা অন্তত ৫-৬টি কাভার্ড ভ্যানও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত মোছাম্মত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিস্ফোরণের সময় এক পথচারী নারী মারা গেছেন।’

জামগড়ায় দর্জির দোকানে কাজ করেন নিহত জয়নবের মেয়ে সানজিদা আক্তার।

ডেইলি স্টারকে সানজিদা জানান, ঘটনার সময় তিনি দোকানের ভেতর কাজ করছিলেন। বাইরে দাঁড়িয়ে ছিলেন তার মা। হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার এসে মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,’ বলেন সানজিদা।

স্থানীয় নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত আহত ১৪ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। ৪ থেকে ৫ জন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রীতি গ্রুপের কারখানাটিতে সন্ধ্যা পৌনে ৭টায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৮টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘কারখানার সামনে রাখা গ্যাস সিলিন্ডার বহনকারী বিশেষ লরিতে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি,’ বলেন হাফিজুর।

প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, ‘কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে কোনো শ্রমিক আটকে নেই।’

Related Articles

Latest Posts