দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একইসঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শাহরুখ খান লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি দৃঢ় ছিলেন। বিপদের মুখোমুখি হওয়া এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের সুরক্ষায় আপনি ঠিক সেটাই করেছেন।’
তিনি আরও লেখেন, ‘একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী, তা আপনি আমাদের দেখিয়েছেন। এটি সাহস ও কর্তব্যনিষ্ঠার প্রকৃত উদাহরণ। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। পুরো দেশ আপনাকে নিয়ে গর্বিত।’
Captain Smit Machchhar, you stood strong when it mattered the most!! It’s not easy to stare adversity in the face and put one’s safety on the line… but you did just that to protect those onboard and showed us what being a Captain entails. A true display of courage and duty.…
— Shah Rukh Khan (@iamsrk) October 3, 2026
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন সহকারী পাইলট। এরপর তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।
এ সময় যাত্রীরা ওই সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে উড়োজাহাজে থাকা বিকল্প ক্রু সদস্যরা সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
অবতরণের পর দেখা যায়, পাইলট ও সহকারী পাইলট দুজনই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সহকারী পাইলটের পরিচয় ও হামলার উদ্দেশ্য নিয়ে এখনো সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
