নেতৃত্ব ছাড়লেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত

এক দশকের নেতৃত্বের অধ্যায় শেষ করলেন হারমানপ্রীত কৌর। ভারতের নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক সব সংস্করণেই নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তবে খেলা থেকে অবসর নিচ্ছেন না ৩৭ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের হয়ে ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

কয়েক দিন আগেই হারমানপ্রীতের নেতৃত্বে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে দ্বিতীয়বারের মতো সোনা জিতেছে ভারত। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। গুয়াহাটিতে বিসিসিআইয়ের পর্যালোচনা সভার পরই আসে তার এই সিদ্ধান্ত।

২০১৬ সালে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান হারমানপ্রীত। প্রায় এক দশক ধরে সেই দায়িত্ব পালন করার পর ২০২২ সালে তাকে ওয়ানডে অধিনায়ক করা হয়। পরের বছর, ২০২৩ সালে, সব সংস্করণের নেতৃত্বভারও তার কাঁধে ওঠে।

হারমানপ্রীতের নেতৃত্বেই গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সেই ঐতিহাসিক সাফল্যের অধিনায়ক এবার বিদায় জানালেন নেতৃত্বকে। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ আমি ভারতীয় নারী ক্রিকেট দলের সব সংস্করণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

সিদ্ধান্তটি যে তার জন্য সহজ ছিল না, সেটিও জানিয়েছেন তিনি, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অসংখ্য মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে।’

তবে নেতৃত্ব ছাড়লেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না। বরং নতুনভাবে খেলাটাকে উপভোগ করতে চান হারমানপ্রীত, ‘এখন আমি আবারও শুধুই ক্রিকেটের ভালোবাসার জন্য খেলতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হচ্ছে। কিন্তু যাত্রা চলতে থাকবে।’

Related Articles

Latest Posts