ইন্তেখাব দিনার অভিনীত প্রথম প্রচারিত নাটক ‘গোর’। গাজী রাকায়েতের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন সালাহউদ্দিন লাভলু। সেই সময় ‘গোর’ ব্যাপক আলোচিত ও প্রশংসিত একটি নাটক ছিল। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের বাইরে ওটিটি ও চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন।
সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং করেছেন তিনি। এ ছাড়া দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
নতুন সিনেমার নাম ‘খলনায়ক’। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। সিনেমাটির শুটিং হয়েছে কলকাতায়। ইন্তেখাব দিনার বলেন, ‘নতুন সিনেমায় চমক আছে। রহস্য আছে। শুটিং করার অভিজ্ঞতা অসাধারণ। একটি ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।’
পরিচালক ভিকি জাহেদ সম্পর্কে তিনি বলেন, ‘ভিকি জাহেদ খুবই গোছানো পরিচালক। ঠান্ডা মাথায় কাজ করেন। যেমন পরিশ্রমী, তেমনই মেধাবী। তার পরিচালনায় আগেও কাজ করেছি। “খলনায়ক” তার প্রথম সিনেমা।’
‘খলনায়ক’ সিনেমায় তার সঙ্গে বেশ কয়েকজন ভালো সহশিল্পী অভিনয় করেছেন। তাদের একজন শহীদুজ্জামান সেলিম। এ বিষয়ে তিনি বলেন, ‘শহীদুজ্জামান সেলিম ভাই সম্পর্কে কী বলব? তার সঙ্গে যখনই কাজ করি, কিছু না কিছু শিখি। একটা বিশ্বাসের জায়গা তিনি। বড় মাপের শিল্পী। তার সঙ্গে অভিনয় করে আনন্দ পাই। তাকে সহশিল্পী হিসেবে পেলে অভিনয় করাটা সহজ হয়ে যায়।’
অন্যদিকে, ‘হাঙর’ ও ‘নীল জোছনায়’ নামের দুটি সিনেমার সব কাজ পুরোপুরি শেষ। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা দুটি।
‘হাঙর’ পরিচালনা করেছেন তন্ময় সূর্য এবং ‘নীল জোছনায়’ পরিচালনা করেছেন ফখরুল আরেফিন।
ইন্তেখাব দিনার বলেন, ‘হাঙর’ সিনেমায় মূলত উপকূলের মানুষের জীবন ও সংগ্রামের গল্প উঠে এসেছে। উপকূলের একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি। এ রকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। চরিত্রটির জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের লোকেশন অন্য রকম ছিল। সব মিলিয়ে কাজটি করে আমি অত্যন্ত খুশি।
‘নীল জোছনায়’ সিনেমাটি পরিচালনা করেছেন ফখরুল আরেফিন। এতে ইন্তেখাব দিনার অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। তিনি বলেন, ‘নীল জোছনায়’ সিনেমায় আমার লুক একেবারেই ভিন্ন। নতুন লুকে আমাকে দেখতে পারবেন দর্শকরা।
অসংখ্য নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপরও চরিত্র নিয়ে কোনো আফসোস কাজ করে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনো আফসোস নেই। নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি মনে করি, একজন অভিনেতা হয়েছি বলেই একজীবনে অনেক জীবন দেখতে পারি, বহু মানুষের চরিত্রে মিশে যেতে পারি। অভিনয়শিল্পী না হলে এভাবে জীবনকে দেখা সম্ভব হতো কি না, জানি না।’
ইন্তেখাব দিনার অভিনয়জীবন শুরু করেন মঞ্চনাটক দিয়ে।
দীর্ঘদিন তিনি নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘অভিনয় থেকে যা কিছু পেয়েছি সব মঞ্চ নাটকের জন্য।’
চলতি সময়ে তার অভিনীত ‘চাওয়া পাওয়া’ নামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে এনটিভিতে। ‘খুশবু’ নামের আরেকটি ধারাবাহিক প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে।
‘চাওয়া পাওয়া’ নাটক সম্পর্কে তিনি বলেন, ‘এই নাটকের জন্য ভালো সাড়া পাচ্ছি। এই নাটকের গল্প আমাদেরই জীবনের গল্প।’
