গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। পরে তাকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) ওই গ্রামের উদ্ভব দাসের স্ত্রী। উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদি মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্ত্রী সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর উদ্ভব নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে থানায় খবর দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে সীমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করি।’
এ বিষয়ে স্থানীয় রাজাবাড়ী বাজারের এক ব্যবসায়ী ডেইলি স্টারকে বলেন, ‘পরিবারটিতে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গতরাতে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহত সীমা অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই সাদি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলা হবে।’
