কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে স্কুল কর্তৃপক্ষ চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি এসপিকে জানায়। তাদের বয়স ৮-১২ বছর। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। এ ঘটনায় শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং দেশের বিভিন্ন থানায় তাদের ছবি ও তথ্য পাঠানো হয়। একপর্যায়ে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
এসপি আনিসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে পরিবারের মূল্যবান জিনিসপত্র ছিল।
তিনি আরও বলেন, কুমিল্লার টাউনহল সুপার মার্কেটে এক শিক্ষার্থীর পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করা হয়। সেই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। সেখানে পরিকল্পনা অনুযায়ী তারা ব্যবস্থা করতে পারেনি। পরে আরেক শিক্ষার্থীর দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এসপি বলেন, উদ্ধার অভিযানের পর জেলা গোয়েন্দা শাখা শিক্ষার্থীদের বিক্রি করা মোবাইল ফোন ও তাদের কাছ থেকে অন্যান্য স্বর্ণালংকার উদ্ধার করেছে।
