মেসির পাসে গোল, প্লে-অফ নিশ্চিত মায়ামির

নিজে গোল পাননি, তবে গোল করাতে ঠিকই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লিওনেল মেসির দারুণ এক পাস থেকে গোল করেছেন রদ্রিগো দে পল। এর আগে আক্রমণ তৈরিতেও অবদান রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। তাতে নিউইয়র্ক সিটি এফসিকে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে টানা দ্বিতীয় জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানও আরও মজবুত করেছে ফ্লোরিডার ক্লাবটি।

বুধবার ঘরের মাঠে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধেই গোল দুটি করেন জার্মান বেরতেরামে ও রদ্রিগো দে পল। এর মধ্যে মে মাসের পর প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন বেরতেরামে। আর দে পলের গোলটিতে সরাসরি অবদান রেখেছেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে বেশ সক্রিয় ছিলেন মেসি। ২০ মিনিটে তার কাছ থেকেই প্রথম গোলের আক্রমণের সূচনা। ডি-বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দে পলকে পাস দেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখান থেকে দে পল বল বাড়ান লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান ফরোয়ার্ডের নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান বেরতেরামে। দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে দলকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। দ্রুত পাল্টা আক্রমণে বল নিয়ে মাঝমাঠ পেরিয়ে আসেন বেরতেরামে। তার কিছুটা ভুল পাস ভাগ্যক্রমে পৌঁছে যায় মেসির কাছে। তিন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে দারুণ এক পাস বাড়ান তিনি। সেই বল ধরে জোরালো শটে গোলরক্ষকের ডান পাশ দিয়ে জাল খুঁজে নেন দে পল।

দুই গোলের এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মায়ামি দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যায়। তবে আর গোলের দেখা পায়নি। ডি-বক্সের বাইরে থেকে মেসির একটি বাঁকানো শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেন মেসি। তার ছোট কর্নার থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে দূরের ওপরের কোণা লক্ষ্য করে শট নেন দে পল। তবে দুর্দান্ত ঝাঁপিয়ে বল পোস্টে ঠেলে দেন নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিস।

যোগ করা সময়ে অবশ্য ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল নিউইয়র্ক। বদলি হিসেবে নামা তালেস মাগনোকে ডি-বক্সে ফাউল করেন ইয়ান ফ্রে। পেনাল্টি পায় সফরকারীরা। তবে দারুণ দক্ষতায় সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। ফলে টানা দ্বিতীয় ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে মাঠ ছাড়ে মায়ামি। এর আগে টানা ১০ ম্যাচের কোনোটিতেই প্রতিপক্ষকে গোল করা থেকে আটকাতে পারেনি দলটি।
 

Related Articles

Latest Posts