টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
মজুরি বাড়ানো, ন্যূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে তারা বিক্ষোভে নেমেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী মেহেদী হাসান জানান, অনেক মানুষ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
শ্রমিকেরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে হয়েছে।
পোশাকশ্রমিক রিফা বেগম বলেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরেক আন্দোলনকারী রুমি জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমরা ৩০ হাজার টাকা বেতন চাই।
বিক্ষোভস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
