মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের, অভিযোগ অস্বীকার হুতিদের

মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ ওই জোট দাবি করেছে, হুতিরা পবিত্র মদিনা নগরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার সেই হামলা প্রতিহত করেছে।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তবে এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে হুতিরা।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এরপরই হুতিরা জানায়, বৃহস্পতিবার তারা ওই অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি।

এর আগে রোববার তারা জানিয়েছিল, মক্কা ও মদিনাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে পোস্ট করে জানান, মদিনা তো দূরে থাক, সৌদি আরবেই আজ তারা কোনো হামলা চালায়নি।

নিজ বাহিনীকে ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালায়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি একটি নির্লজ্জ মিথ্যা।’

হুতিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে, যা কয়েক বছরের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় ইরান-সমর্থিত গোষ্ঠীটির শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে রিয়াদ।

এর আগে গতকাল বুধবার সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে হুতিরা।

Related Articles

Latest Posts