কেন বিয়ে করেননি? করণের প্রশ্নে যা বললেন সালমান খান

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন সালমান। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে কেন বিয়ে করেননি, সে প্রশ্নের উত্তর এবার নিজেই দিয়েছেন।

গত ১৪ অক্টোবর কফি উইথ করণের নবম মৌসুমের প্রথম পর্বে অতিথি হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন বলিউডের এই সুপারস্টার।

অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের সঙ্গে কথোপকথনের সময় বিয়ে না করার সিদ্ধান্তের পেছনের কারণ জানান সালমান খান।

সালমান বলেন, অবিবাহিত থাকার সিদ্ধান্ত একান্তই তার নিজের। পরিস্থিতি কিংবা অন্য কারও কারণে তিনি বিয়ে করেননি, এমনটা নয়।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান বলেন, ‘বিয়ে করতে কেউ আমাকে বাধা দেয়নি, নিজেই দূরে থেকেছি।’

তিনি আরও বলেন, ‘তাই এ কথা বলা যাবে না যে, আমি বিয়ে করতে চেয়েছিলাম, আর পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গিয়েছিল বলে কারও সঙ্গে জীবন কাটানো হয়নি। এ জন্য আমি কাউকে দোষ দিতে পারি না। সিদ্ধান্তটা আমার নিজের ছিল, আর আমি তাতে খুশি।’

অনুষ্ঠানে করণ জোহর বলেন, ‘জীবনসঙ্গী না থাকায় কখনো কখনো আমার একাকিত্ব বোধ হয়।’

তবে এ বিষয়ে সালমানের দৃষ্টিভঙ্গি ছিল কিছুটা ভিন্ন। করণকে উদ্দেশ করে সালমান বলেন, ‘কিন্তু আপনার তো সন্তান আছে, মা আছেন। আপনি ভাগ্যবান। কেউ যখন পাশে থাকতে চায় না, তখনই মানুষ একাকিত্ব অনুভব করে। আমার মনে হয় না, আপনার ক্ষেত্রে বিষয়টা এমন।’

এরপর করণ জানতে চান, বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ার কথা কখনো মনে হয় কি না সালমানের।

উত্তরে সালমান বলেন, ‘আমি জীবনের কোনো এক সময়ে সন্তান চাই। এটা জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলোর একটি। আপনার দুটি সুন্দর সন্তান আছে। তাই কখনোই বলা যায় না যে আপনি একা।’

Related Articles

Latest Posts