যে নাটকের জন্য প্রশংসিত হচ্ছেন মম

জাকিয়া বারী মম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’। অভিষেক সিনেমা দিয়েই জয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা হয়ে শোবিজে আগমন তার। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন, করেছেন বেশ কয়েকটি সিনেমাও।

বর্তমানে মম অভিনীত ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ প্রচারিত হচ্ছে এনটিভিতে। নাটকটির পরিচালক রাকেশ বসু। ইতোমধ্যে নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নাটকটি নিয়ে মম বলেন, ‘নাটকটির জন্য অনেক সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। এটি সুন্দর গল্পের একটি নাটক। ২৯ পর্ব প্রচার হয়েছে এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।’

‘মানুষ ভালো গল্প দেখতে চায়। ভালো গল্পের কাজ দেখতে চায়।’

কিছুদিন আগে মম অভিনীত ‘বিষণ্ন মেঘ’ ও ‘সময় একটু দাঁড়াও’ নামের দুটি নাটক প্রচার হয়েছে। ওই নাটক দুটিও প্রশংসিত হয়েছে। মম বলেন, ‘এই নাটক দুটি দেখে দর্শক অনেক প্রশংসা করেছেন। নাটকের সংলাপ নিয়েও প্রশংসা করেছেন বহু মানুষ। কেউ কেউ বলেছেন, অনেক দিন পর এত সুন্দর নাটক দেখলাম।’

‘ভালো সংলাপ, ভালো গল্পের নাটক দেখার ইচ্ছা দর্শকদের এখনো আছে। তাদের ভালো কাজ দিতে হবে। আমি কেমন জিনিস দেবো, তা তো আমার দায়বদ্ধতার ওপর নির্ভর করছে। ভিউয়ের সময়েও ভালো নাটকও হচ্ছে, আবার নিম্নমানের কাজও হচ্ছে। ভিউতে আমার আপত্তি নেই। কেউ ভালো কাজ দিয়েও ভিউ পান, আবার কেউ সহজ কাজ করেও ভিউ পান। এখানে মানটা প্রয়োজন’, যোগ করেন মম।

Related Articles

Latest Posts