‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগে আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ নামে পতাকা উত্তোলন সমাবেশ শুরুর অল্প সময় আগে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।

আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, দীপকেকে ঝান্ডেওয়ালানে তার বাসা থেকে এবং বোরাকে মধ্য দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে আটক করা হয়।

তাদের দুজনকে আটকের সময় ধাক্কাধাক্কি এবং ক্যামেরাকর্মী ও বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

গত বুধবার নতুন করে সমাবেশের ডাক দেন অভিজিৎ দীপকে। দলটির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে পাঁচদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আজ বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ নামে পদযাত্রা হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে অভিজিৎ দীপকেকে কনট প্লেসে বিক্ষোভ আয়োজন থেকে বিরত রাখতে নোটিশ দেয় দিল্লি পুলিশ।

কনট প্লেস ও এর আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। নয়াদিল্লি পৌর পরিষদও শুক্রবার ও শনিবার জনসাধারণের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমনকি জন্তর মন্তরেও চলতি সপ্তাহে পুলিশ জনসমাবেশ নিষিদ্ধ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি লিখেছে, ‘দিল্লি পুলিশ অভিজিৎকে আটক করেছে! জাতীয় পতাকা হাতে তরুণদের দেখে এই সরকার এতটাই ভয় পায়!’

ভোটার তালিকায় বড় পরিসরে সংশোধনের মাধ্যমে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি ও বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, এ সংশোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দলকে সুবিধা দিচ্ছে।

তবে, দেশটির নির্বাচন কমিশন কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

Related Articles

Latest Posts