তিন দলের ওয়ানডে আসর হলেও ফাইনাল বাদ দিলে প্রতিটি দলের ম্যাচ কেবল দুটি। অর্থাৎ, প্রথম ম্যাচ হারলেই ফাইনালে ওঠার পথ কঠিন। বাংলাদেশ আবার জিম্বাবুয়ের কাছে হেরেছে বিশাল ব্যবধানে। তবু ফাইনালের আশা এখনো টিকে আছে তাওহিদ হৃদয়দের।
শনিবার আবুধাবিতে প্রথম ম্যাচে বাংলাদেশের হার ৯৯ রানের বড় ব্যবধানে। ২৭২ রান তাড়ায় ১৭২ রানে গুটিয়ে যাওয়া দলের নেট রানরেট এখন নেতিবাচক (-১.৯৮০)। এই জায়গায় চরম ব্যাকফুটে আছে বাংলাদেশ।
ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে জিম্বাবুয়ের সমর্থক হয়ে যাওয়া। বাংলাদেশকে উড়িয়ে দেওয়া জিম্বাবুয়ে যদি নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে তারা চলে যাবে ফাইনালে। আর তাতেই সুবিধা হবে বাংলাদেশের।
নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি রানরেটও বাড়িয়ে নিতে হবে বাংলাদেশকে। অর্থাৎ, জিততে হবে বিশাল ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে বড় জয় পাওয়ায় আপাতত এদিক থেকে সুবিধাজনক অবস্থায় আছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত এই সমীকরণ পরিষ্কার হবে না। তবে আফগানিস্তান যদি জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা যে ভীষণ ক্ষীণ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।
কাজেই, গ্যালারিতে বসে আপাতত জিম্বাবুয়ের জয় প্রার্থনা করে আফগানিস্তান বধের পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে।
