সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিককে নিয়ে বলিউডে সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। সেই প্রতিশ্রুতির স্মৃতি হিসেবে দেওয়া ১০০ রুপির নোটটি এখনো যত্ন করে রেখেছেন টেনিস তারকা সানিয়া মির্জা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঞ্চালনায় ডাবল ডেট অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান সানিয়া।
তিনি বলেন, ইজহানের জন্মের পর ফারাহ তাকে ১০০ রুপি দিয়ে বলেছিলেন, ছেলে বড় হয়ে অভিনেতা হলে তাকে নিয়ে সিনেমা বানাবেন।
সানিয়া বলেন, ‘ফারাহ আমাকে ১০০ রুপি দিয়েছিলেন। বলেছিলেন, ও বড় হয়ে অভিনেতা হলে আমি ওর সঙ্গে সিনেমা করব। সেই ১০০ রুপির নোটটি এখনো আমার কাছে আছে।’
এর আগেও ফারাহর এই প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সানিয়া। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফারাহর ইউটিউব রান্নার অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানে ফারাহ ইজহানকে বলেছিলেন, ‘ভুলে যেও না, আমি তোমাকে বলিউডে নিয়ে আসব। তুমি হবে আমার নায়ক।’
২০১৮ সালে সানিয়া ও তার সাবেক স্বামী শোয়েব মালিকের ঘরে জন্ম নেয় ইজহান। এক সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে গর্বের কথাও জানিয়েছিলেন সানিয়া।
ইজহানের খেলাধুলার প্রতিও আগ্রহ আছে। ফুটবল, টেনিস ও সাঁতারের পাশাপাশি ড্রামস বাজাতেও ভালোবাসে সে। সানিয়া জানিয়েছেন, বড় হয়ে ছেলে যে পেশাই বেছে নিক, তাতে তার আপত্তি নেই। নিজের পছন্দ অনুযায়ী জীবন গড়ার স্বাধীনতা দিতে চান ছেলেকে।
