সৌদিকে সামরিক সহায়তার অনুমোদন দিলো মিসরের পার্লামেন্ট

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা প্রতিরক্ষায় সৌদি আরবকে সামরিক সহায়তা পাঠানোর অনুমোদন দিয়েছে মিসরের পার্লামেন্ট।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনের বরাতে বলা হয়, পার্লামেন্টের নিম্নকক্ষ ‘সৌদি আরবকে সহায়তা দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে অনুমোদন দিয়েছে’।

পার্লামেন্টে সিসির সমর্থকরাই সংখ্যাগরিষ্ঠ। তা সত্ত্বেও এ বিষয়টি নিয়ে পার্লামেন্ট সদস্যরা তিন দফা রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন, যা খুবই বিরল। এ ছাড়া, এ সিদ্ধান্তের ওপর ভোটাভুটি দুই দফা পিছিয়ে দেওয়া হয়।

গত ১৭ অক্টোবর শনিবার সিসি পার্লামেন্টকে ‘সৌদি আরবের অনুরোধ এলে’ দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিতে বলেছিলেন।

সে সময় তিনি বলেছিলেন, ‘সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা পেলে সৌদি আরবকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মিসর। এ ক্ষেত্রে আক্রমণ নয়, শুধু প্রতিরক্ষার বিষয়টি বিবেচনায় রয়েছে’, যোগ করেন তিনি।

তবে সিসির অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্টের এ প্রস্তাবের ওপর ভোট গ্রহণ স্থগিত করে সময় বাড়িয়ে নেয় মিসরের পার্লামেন্ট। অবশেষে আজ সেই অনুমোদন এসেছে।

দীর্ঘদিন ধরে আরব বিশ্বে সবচেয়ে বড় সামরিক বাহিনী বজায় রেখেছে মিসর।

কায়রো রিয়াদকে কী ধরনের প্রতিরক্ষামূলক সহায়তা দিতে পারে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

দেশটির সামরিক বাহিনীতে কয়েক লাখ সক্রিয় সদস্য রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা যুদ্ধবিমান ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে তাদের।

বুধবার সিসি বলেন, তার দেশের সহায়তার লক্ষ্য হবে ‘সৌদি ভূখণ্ড রক্ষা করা; ইয়েমেনে হামলা চালানো এর অন্তর্ভুক্ত নয়’।

এক ভাষণে তিনি বলেন, ‘আমরা সৌদি ভূখণ্ড ও সীমান্ত রক্ষার কথা বলছি।’

তিনি আরও বলেন, কূটনৈতিক সমাধানেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে সিসির ওই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ‘আর-ফোর’ জোটের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

আর-ফোর জোটের চারটি দেশ হলো সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও মিসর।

আজ সোমবার আবদেলাত্তি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগে তিনি ‘প্রতিদিন ইরানিদের সঙ্গে কথা বলছেন’।

অন্যদিকে, আজ তেহরানে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলো বৈঠকে বসেছে।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন ও এর পরিণতি নিয়ে আলোচনা হয়েছে।

Related Articles

Latest Posts