বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আসন্ন ঈদুল আজহার আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আজ বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকাল ১০টার দিকে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন।

‘এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন সড়ক ছেড়ে দেন,’ বলেন তিনি।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, বটতলা মোড় এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। আনুমানিক ২০০ থেকে ২৫০ শ্রমিক সেখানে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।

যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

Related Articles

Latest Posts