বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময়ে পানামার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু ৬-২ গোলের এই বড় ব্যবধানের জয়ের পরও কোচ কার্লো আনচেলত্তির সামনে তৈরি হয়েছে নতুন এক চ্যালেঞ্জ। সেটি প্রতিপক্ষ নয়, বরং নিজের দল থেকেই। বেঞ্চ থেকে নেমে ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স তার জন্য সৃষ্টি করেছে ‘মধুর দুশ্চিন্তা’।
মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। যদিও মাইকেল মুরিলোর ডিফ্লেক্টেড ফ্রি-কিকে সমতায় ফেরে পানামা, তবে বিরতির আগে আবারও এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়ুসের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন কাসেমিরো।
বিরতির পর বড় ধরনের পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লেও পেরেইরাকে ছাড়া প্রথম একাদশের বাকি সবাইকে তুলে নেন তিনি। আর সেই সিদ্ধান্তই যেন তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বদলি হিসেবে নামা রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে ব্রাজিলের জয়কে আরও বড় করে তোলেন।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধ আমাকে আরও বেশি সন্দেহে ফেলেছে। তবে এটি ভালো ধরনের সন্দেহ। ইতিবাচক সন্দেহ।’
ইতালিয়ান এই কোচের মতে, মাঠে নামা বদলি খেলোয়াড়রা প্রমাণ করেছেন যে তারাও শুরুর একাদশে জায়গার জন্য সমানভাবে লড়াই করতে প্রস্তুত। তাদের পারফরম্যান্সে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একাদশ নির্বাচন এখন আরও কঠিন হয়ে উঠেছে।
তবে বড় জয় পেলেও দলের কিছু দুর্বলতা চোখ এড়ায়নি আনচেলত্তির। বিশেষ করে প্রথমার্ধে ব্রাজিল যে উচ্চ-চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করতে চেয়েছিল, সেটি প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে মনে করেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘হাই প্রেসের কৌশল আমরা প্রথমার্ধে প্রয়োগ করতে চেয়েছিলাম। কিন্তু যখন সেটি কাজ করে না, তখন দ্রুত বল পুনরুদ্ধার করতে হয়।’
তিনি আরও জানান, ম্যাচের কিছু সময়ে দল যথেষ্ট সঙ্কুচিত ও সংগঠিত ছিল না। রক্ষণভাগের কাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, অনেক সময় নিচু রক্ষণাত্মক ব্লকে খেলে পাল্টা আক্রমণে আরও কার্যকর হওয়া সম্ভব।
বিশ্বকাপের জন্য নিজের সেরা একাদশ এখনো চূড়ান্ত করতে পারেননি বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ। কারণ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনো অনুপস্থিত। নেইমার পায়ের পেশির চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর বিশ্রামে আছেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
‘আমার দল এখনো শতভাগ চূড়ান্ত হয়নি। কয়েকজন খেলোয়াড় এখনো যোগ দেয়নি,’ বলেন আনচেলত্তি।
তবে এক বিষয়ে তার কোনো সন্দেহ নেই। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সঠিক একাদশ বেছে নেওয়াই এখন সবচেয়ে বড় কাজ। কারণ তার বিশ্বাস, বর্তমান ব্রাজিল দলে প্রতিভার অভাব নেই।
আনচেলত্তির ভাষায়, ‘সন্দেহ শুধু প্রথম ম্যাচের জন্য সেরা একাদশ বেছে নেওয়া নিয়ে। তবে একটি বিষয় নিশ্চিত, আমাদের হাতে খুবই শক্তিশালী একটি দল রয়েছে।’
