পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত আবু বক্কর সিদ্দিক (১৪) পঞ্চগড় পৌরসভার নিউমার্কেট এলাকার বাসিন্দা সবুজ হকের ছেলে। সে রামেরডাঙ্গা এলাকার বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পরিদর্শক আশীষ জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে তালমা নদীতে গোসল করতে নামে আবু বক্কর। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। এরপর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে,’ বলেন এ পুলিশ কর্মকর্তা।
