প্রধান কোচ হিসেবে ইরাওলার সঙ্গে লিভারপুলের মৌখিক চুক্তি

নতুন প্রধান কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দেওয়ার জন্য একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছে ইংলিশ পরাশক্তি লিভারপুল। গত শনিবার আর্নে স্লটের বিদায়ের পর থেকেই অ্যানফিল্ডের ক্লাবটির দায়িত্ব নেওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি।

সূত্রের বরাতে আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের সঙ্গে লিভারপুলের দুই বছরের চুক্তি হতে পারে। প্রিমিয়ার লিগের আরেক দল বোর্নমাউথের দায়িত্ব নেওয়ার সময়ও তিনি একই মেয়াদের চুক্তি করেছিলেন।

গত মাসের শেষদিকে বোর্নমাউথের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানেন ইরাওলা। বর্তমানে লিভারপুলের সঙ্গে তার সহকারী কোচিং স্টাফদের চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

সহকারী হিসেবে পাবলো দে লা তোরে, টমি এলফিক, শন কুপার ও টম ওয়েবারকে পাশে চান স্পেনের হয়ে সাতটি ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার। এরা সবাই বোর্নমাউথে তার কোচিং ও ব্যাকরুম স্টাফ হিসেবে ছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই লিভারপুল তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবে এবং সবার সামনে পরিচয় করিয়ে দেবে।

ইরাওলার সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছেন অলরেডদের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ, যিনি তাকে খুব ভালো করেই চেনেন। ২০২৩ সালে গ্যারি ও’নিলের উত্তরসূরি হিসেবে বোর্নমাউথের কোচ পদে ইরাওলাকে নিয়োগ দিয়েছিলেন হিউজই।

বোর্নমাউথের প্রধান কোচ হিসেবে ইরাওলা দারুণ সাফল্য দেখিয়েছেন। তার অধীনে ক্লাবটি প্রিমিয়ার লিগে যথাক্রমে দ্বাদশ, নবম ও ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে। সেই সঙ্গে সম্প্রতি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতাও অর্জন করে তারা।

সব মিলিয়ে ইরাওলার সঙ্গে লিভারপুলের আলোচনা এত দ্রুত এগিয়ে যাওয়া এবং মৌখিক চুক্তি সম্পন্ন হওয়াটা মোটেও আশ্চর্যজনক নয়। যখন ব্যর্থতার দায়ে ডাচ কোচ স্লটকে বরখাস্ত করা হয়, তখনই ক্লাবটির নীতিনির্ধারকেরা দ্রুত নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেন। শূন্যস্থান পূরণের জন্য ইরাওলাই শুরু থেকে তাদের প্রথম পছন্দ ছিলেন।

বোর্নমাউথ ছাড়ার পর ইরাওলা নিজেও একটি নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ। ফলে পারিশ্রমিক ও শর্তাবলি নির্ধারণ এবং সহকারী স্টাফদের তালিকা চূড়ান্ত করার বিষয়টি কেবল সময়ের ব্যাপার ছিল।

আগামী ২০২৬-২৭ মৌসুমের আগে অনেক বিষয় সমাধান করার প্রয়োজনীয়তা থাকায় লিভারপুলের হাতে মোটেও সময় নেই। মোহামেদ সালাহ, অ্যান্ডি রবার্টসন ও ইব্রাহিমা কোনাতের মতো তারকারা ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ায় স্কোয়াডে বড় শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে, কার্টিস জোন্স ও হার্ভে এলিয়টের চুক্তির মেয়াদ শেষ বছরে পদার্পণ করায় অ্যানফিল্ডে তাদের ভবিষ্যৎও এখন অনিশ্চিত।

শিরোপা ধরে রাখার অভিযানে বারবার হোঁচট খেয়ে সদ্যসমাপ্ত মৌসুমের প্রিমিয়ার লিগে পঞ্চম হয় লিভারপুল। অন্য প্রতিযোগিতাগুলোতেও আশানুরূপ পারফর্ম করতে না পারায় তারা থেকেছে শিরোপাবিহীন।

Related Articles

Latest Posts