রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
গত রোববার মিরপুর-১১ এলাকায় নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করছেন।
যুগ্ম-সচিব আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত আছেন।
যুগ্ম-সচিব আনিসুর রহমানের বিষয়ে জানতে চাইকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা এই বিষয়টি নিশ্চিত হতে কাজ করছি।’
‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত আইন রয়েছে। ওই আইনটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বসির জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গত রোববার তারা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।
