ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে বাজি ধরলে বাংলাদেশিদের পস্তাতে হবে না।
আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার দুপুরে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। পরে ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন তিনি।
এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর চীন সফরের সঙ্গে এসব বৈঠকের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এগুলো নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠকের অংশ।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা আমাদের দেশ ও জনগণের স্বার্থে সব দেশ সফর করব। কোনো এক সময় ভারত, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও যাব। কোথায় যাব বা যাব না, সে বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে পরামর্শ করার কথা নয়।
আজ বৈঠক শেষে দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ এড়িয়ে মার্কিন রাষ্ট্রদূত বিশ্বকাপ ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের প্রসঙ্গ টেনে আনেন।
তিনি বলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও পরবর্তী পর্বে চলে গেছি।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যেন সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।
প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
