প্রকাশ্যে খোলা শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ১৮ লাখ টাকা

সিলেটে হযরত শাহজালাল (র.) এর দরগাহের দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা সোনা পাওয়া গেছে।

দরগাহটির ৭০০ বছরের ইতিহাসে আজ সোমবার বিকেলে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দানবাক্সের টাকা গণনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

দরগাহের তিনটি ডেগ ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত একটি দানবাক্স থেকে নগদ অর্থ ও সোনা পাওয়া গেছে।

ডিসি সারওয়ার আলমের বদলির আদেশের মাত্র একদিন পরই এ দানবাক্স খোলা হলো।

দরগাহের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

এর মধ্যে গতকাল রোববার সারওয়ার আলমকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার দরগাহে থাকা দানের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন। এর পরিবর্তে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নতুন দানবাক্স স্থাপন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে নতুন দানবাক্স স্থাপনের পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

গত বছরের আগস্টে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম। এর আগে র‍্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক প্রশংসিত হন।

সিলেটের ‘সাদা পাথর’ লুটের ঘটনায় ডিসি শের মাহবুব মুরাদকে বদলি করে সেখানে নতুন ডিসি হিসেবে সারওয়ার আলমকে পদায়ন করা হয়।

Related Articles

Latest Posts