চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লেগেছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, টার্মিনালের দক্ষিণ পাশের ৪ নম্বর জাহাজ ভেড়ানোর স্থানে আগুন লাগে।

তিনি বলেন, শুরুতে চট্টগ্রাম বন্দরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর দলও যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বন্দরের মুখপাত্র বলেন, ক্রেনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগুনের তাপে কাছাকাছি থাকা কয়েকটি কনটেইনারও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, আগুন নিভে যাওয়ার পর টার্মিনালের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, আরটিজি ক্রেন টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হয়।

Related Articles

Latest Posts