বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দুই বছর এই ক্যাটাগরির (শ্রেণি) ভিসা বন্ধ রেখেছিল দেশটি।
আজ বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।
দিনেশ ত্রিবেদী বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও চলতে থাকবে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
ত্রিবেদী বলেন, ‘আশা করি এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম এই কাজটি করলাম। আমি অনেক খুশি। আশা করি এখানকার সাধারণ মানুষও খুশি হবেন।’
মাঝে মাঝে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন, গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন বলে জানান তিনি।
