ঢাকার ধানমন্ডি এলাকায় গত মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
আজ বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে “ভুল-বোঝাবুঝি” বলে উল্লেখ করে তদন্তের কথা বলা হয়েছে, তথাপি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।’
এতে আরও বলা হয়, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।’
একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানায় সম্পাদক পরিষদ।
