কাঠ সংগ্রহে গারো পাহাড়ে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, মিললো থেঁতলানো মরদেহ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সোমনাথপাড়া এলাকায় গারো পাহাড়ের একটি বন থেকে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বন্য হাতির হামলায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

আজ শনিবার বিকেলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়নালের বাড়ি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে। তার বাবা মৃত রমিজ মিয়া।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জ্বালানি কাঠ সংগ্রহ করতে গতকাল সকালে গারো পাহাড়ে গিয়েছিলেন জয়নাল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। তবে সারা রাত খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ সকালে সোমনাথপাড়া এলাকায় গারো পাহাড়ের একটি বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থেঁতলানো ছিল, গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতে তিনি বন্য হাতির হামলার শিকার হন।

মকবুল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‘ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Latest Posts