কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন।
আজ রোববার রাতে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ায় সঞ্চালন গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে।
বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ না করে বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউব লিক হয়ে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আংশিক বন্ধ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এতে আমাদের সঞ্চালন লাইন থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নাই হয়ে গেছে। সংসদে এই বিবৃতি দেওয়ার আগে আমি বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’
এ পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে এটি কাটিয়ে উঠতে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
একইসঙ্গে আগামী ২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের তীব্রতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
