ইয়ামালকে নিয়ে সতর্ক রাংনিক, স্পেনকে থামাতে বিশেষ পরিকল্পনা

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে থামানোই হবে অস্ট্রিয়ার সবচেয়ে বড় লক্ষ্য। ম্যাচের আগেই এই বিস্ময়বালকের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তার মতে, বিশ্বের যেকোনো ফুটবলপ্রেমীই ইয়ামালের খেলা দেখতে ভালোবাসে, কিন্তু মাঠে তাকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখাই হবে তাদের পরিকল্পনা।

বৃহস্পতিবার বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাংনিক বলেন, ‘লামিনে ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আগামী ১২, ১৩ কিংবা ১৪ বছর, হয়তো আরও বেশি সময়, সে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে। যদি সে সুস্থ থাকে এবং নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারে, তাহলে অসংখ্য ম্যাচ খেলবে।’

১৮ বছর বয়সী ইয়ামাল চলতি বিশ্বকাপে চোট থেকে ধীরে ধীরে ফিরছেন। এপ্রিলের হ্যামস্ট্রিং চোটের কারণে গ্রুপ পর্বে তিন ম্যাচ মিলিয়ে খেলেছেন মাত্র ১৪১ মিনিট। তাতেই করেছেন একটি গোল। তবে রাংনিক জানিয়ে দিয়েছেন, ইয়ামালের প্রতিভা সম্পর্কে সচেতন থাকলেও তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার কোনো সুযোগ নেই।

‘সে এমন একজন খেলোয়াড়, যাকে বিশ্বের সব ফুটবলপ্রেমীই দেখতে ভালোবাসে। কিন্তু আগামীকাল আমাদের দায়িত্ব হবে তাকে যত কম সম্ভব বল ছুঁতে দেওয়া এবং ড্রিবল শুরু করার সুযোগ না দেওয়া,’ বলেন রাংনিক।

গ্রুপ পর্বে অস্ট্রিয়া তিন ম্যাচে ছয় গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবু স্পেনকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবেই দেখছেন রাংনিক। কারণ, ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা।

রাংনিক বলেন, ‘আমরা সবাই জানি, আগামীকাল আমাদের আরও ভালো খেলতে হবে। স্পেনের বিপক্ষে এটা খুবই স্বাভাবিক। আমাদের নিজেদের পারফরম্যান্সকে আরেক ধাপ ওপরে নিতে হবে।’

অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাও প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সতর্ক। রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘স্পেন খুবই আকর্ষণীয় ফুটবল খেলে। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমরা ভয় পাচ্ছি না। আমরা ইতিবাচক ফুটবল খেলতে চাই এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ এমভেনেকে পাচ্ছে না অস্ট্রিয়া। যদিও রাংনিকের বিশ্বাস, দলে যথেষ্ট বিকল্প রয়েছে এবং সেই শক্তি নিয়েই তারা টুর্নামেন্টের অন্যতম দাবিদার স্পেনকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে।

Related Articles

Latest Posts