২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশে একটি বদল এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটাক্রান্ত লুকাস পাকেতার জায়গায় ঢুকেছেন গ্যাব্রিয়েল মার্তিনেলি।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে মোকাবিলা করবে ব্রাজিল। তারা নকআউটের এই পর্বে জায়গা করে নিয়েছে শেষ বত্রিশের লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে। সেদিন বদলি নেমে খেলার শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে জয়সূচক গোলটি করেছিলেন আর্সেনালের উইঙ্গার মার্তিনেলি।
বাকি একাদশে আর কোনো পরিবর্তন নেই। ছন্দে থাকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র থেকে গোলরক্ষক আলিসন— এদের ওপরই ভরসা রাখছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ আনচেলত্তি। বরাবরের মতো নেইমারের জায়গা হয়েছে বেঞ্চে।
তবে সেলেসাওদের সামনে এখন এমন এক পরিসংখ্যানগত জটিলতা দাঁড়িয়ে, যা তাদের বৈশ্বিক মর্যাদার সঙ্গে একেবারেই বেমানান। কারণ নরওয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা পুরোপুরি তাদের বিপক্ষে। দুই দলের চারবারের দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল!
এই ইতিহাসের শুরুটা হয়েছিল ১৯৮৮ সালে নরওয়ের রাজধানী অসলোতে। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল প্রীতি ম্যাচটি। তখন এই ফল খুব একটা আলোচনা তৈরি না করলেও নীরবে এমন এক দ্বৈরথের সুর বেঁধে দিয়েছিল, যা ব্রাজিল এখনও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি।
এর প্রায় এক দশক পর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে অসলোতে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে বড়সড় ধাক্কা দেয় নরওয়ে, যে ফল বর্তমান ফুটবল বাস্তবতায়ও চোখ কপালে তোলার মতো।
এরপর এসেছিল সেই ম্যাচ, যা ফুটবলপ্রেমীদের মনে আজও দাগ কেটে আছে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রোনালদো, বেবেতো, রিভালদো, রবার্তো কার্লোস ও কাফুকে নিয়ে তারকাখচিত ব্রাজিল বেবেতোর গোলে এগিয়ে গিয়ে জয়ের পথেই ছিল। কিন্তু তোরে আন্দ্রে ফ্লো ও শিতিল রেকদালের গোলে পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিয়ে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় তুলে নেয় নরওয়ে।
দুই পক্ষের সবশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে, ১-১ গোলের ম্যাড়মেড়ে এক প্রীতি ম্যাচে। এর মধ্য দিয়ে কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল এমন এক দ্বৈরথ, যা সব সময়ই ব্রাজিলের চেনা ছন্দের পরিপন্থী।
দুই দশকের ব্যবধানে এবার ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। কাগজে-কলমে আনচেলত্তির দলই ফেভারিট হিসেবেই মাঠে নামবে। কিন্তু নিজেদের পঞ্চম প্রচেষ্টায় তারা কি পারবে এই ‘অমীমাংসিত ধাঁধা’র সমাধান করতে?
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, দগলাস সান্তোস; ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেলি; রায়ান, মাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
