ফ্যাসিবাদী শাসন দীর্ঘ করতে প্রশাসনে যারা কাজ করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তা ওই সরকারকে টিকিয়ে রাখতে প্রকাশ্যে কাজ করেছিলেন এবং তাদের চিহ্নিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত চলছে।’
‘চিহ্নিত হওয়ার পর সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে,’ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বলেন প্রতিমন্ত্রী আবদুল বারী।
সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায় প্রভাব থেকে মুক্ত রেখে মেধা, সততা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের নীতি বাস্তবায়ন করা হচ্ছে।’
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে আবদুল বারী বলেন, ‘মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নৈতিক স্খলন বা অসদাচরণ দেখা গেলে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলাসহ উপযুক্ত প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অসদাচরণ ও শাস্তির রেকর্ড সংশ্লিষ্ট কর্মকর্তার নথিতে সংরক্ষণ করা হয়, যা পদোন্নতি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘চলতি ২০২৫-২৬ অর্থবছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ ছয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে ১৮০ জন কর্মকর্তাকে শৃঙ্খলা এবং নৈতিক অসদাচরণের পরিণতি সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষণ দিয়েছে। এই অর্থবছরে এমন ৮টি প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা রয়েছে।’
প্রতিমন্ত্রী আরও জানান, বিসিএস কর্মকর্তাদের জন্য প্রতিটি কোর্সেই দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও শিষ্টাচার বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
