লামিন ইয়ামাল বর্তমান সময়ের সেরা উদীয়মান ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাত্র ১৯ বছর বয়সেই তার যে খেলার ধরন ও মাঠের প্রভাব, তাকে ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ মনে করেন, ইয়ামাল চাইলে আগামী ১৫ থেকে ২০ বছর ফুটবল বিশ্ব শাসন করতে পারবেন।
ডালাসে ২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। হাইভোল্টেজ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায়।
বার্সেলোনায় লামিনকে অভিষেক করানো জাভি ‘দ্য অ্যাথলেটিক’-এ লিখেছেন, ‘মাঝে মাঝে আমরা ওর বয়সের কথা ভুলে যাই এবং হয়তো ওর কাছে একটু বেশিই দাবি করে বসি। কিন্তু ও আসলেই অনেক বেশি সামর্থ্যবান।’
জাভি আরও বলেন, ‘মাঠে ও এত এত কিছু করতে পারে যে দলের ওপর ওর প্রভাব অনেক বেড়েছে। সতীর্থরা এখন ওকে বেশি খোঁজে। ম্যাচের বিভিন্ন সময়ে যখন কোনো সমস্যা তৈরি হয়, বল তখন লামিনের কাছেই যায়।’
লামিনের নেতৃত্ব নিয়ে জাভি যোগ করেন, ‘ও মাঠে একজন সত্যিকারের নেতা, যে এত অল্প বয়সেই পার্থক্য গড়ে দেয়। এমনটা আমরা কেবল লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, পেলে এবং হয়তো রোনালদোর (নাজারিও) ক্ষেত্রেই দেখেছি।’
২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনায় দারুণ পারফর্ম করে স্পেনের ইউরো ২০২৪ দলে জায়গা পান লামিন। ২০১৮ সালে কিলিয়ান এমবাপে যেমন করেছিলেন, তেমনই নিজের প্রথম বড় টুর্নামেন্টে আলো ছড়িয়ে স্পেনকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন তিনি। তবে গত এপ্রিলে পাওয়া হ্যামস্ট্রিং চোট তার বিশ্বকাপ প্রস্তুতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে।
চলতি বিশ্বকাপে ৫ ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেলেও গোল পেয়েছেন একটি। এমবাপে বা মেসির মতো জ্বলে উঠতে না পারা নিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি ওকে শান্ত থাকতে বলি। ও গত বছর সাবালক হয়েছে। আমি ওকে স্রেফ খেলাটা উপভোগ করতে বলেছি। ওর বড় দিনটি আসা এখনও বাকি।’
ফিটনেস ঘাটতির কারণে স্পেনের খেলার ধরনেও পরিবর্তন আনতে হয়েছে দে লা ফুয়েন্তেকে। এ বিষয়ে ফুটবল সাংবাদিক রুরিয়াদ বার্লো বলেন, ‘এর মানে হলো লামিন ইয়ামালকে এখন আরও কম জায়গা নিয়ে খেলতে হচ্ছে। বেশি সংখ্যক ডিফেন্ডার তাকে কড়া পাহারায় রাখছে এবং সামগ্রিকভাবে স্পেনের খেলায় গতিশীলতা কমেছে।’
বার্লো আরও বলেন, ‘বল নিয়ন্ত্রণ এবং জমাট রক্ষণভাগের ওপর ভরসা রাখা স্পেনের ওর কাছ থেকে প্রতি ম্যাচে এমন দুই-তিনটি মুহূর্ত দরকার, যেখানে ও প্রতিপক্ষের রক্ষণভাগকে উন্মুক্ত বা ভারসাম্যহীন করে দিতে পারে। এখন পর্যন্ত ও কমবেশি সেটাই করে যাচ্ছে।’
