আর্থিকভাবে শক্তিশালী এনবিএফআইয়ের আমানত সীমা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

যেসব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আর্থিকভাবে শক্তিশালী, তাদের আমানত গ্রহণের ওপর সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী, এ ধরনের আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং যৌথ হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা আমানত নিতে পারে।

বুধবার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিকভাবে শক্তিশালী ও সুশাসন নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলো এখন থেকে উভয় ধরনের হিসাবেই নির্ধারিত সীমার বেশি আমানত গ্রহণ করতে পারবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই সুবিধা পেতে একটি আর্থিক প্রতিষ্ঠানকে একইসঙ্গে তিনটি শর্ত পূরণ করতে হবে।

সেগুলো হলো—সর্বশেষ প্রান্তিকের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার ১০ শতাংশ বা তার কম হতে হবে; মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও) অন্তত ১০ শতাংশ হতে হবে এবং নিয়ন্ত্রক সংস্থার দেওয়া কোনো প্রভিশন স্থগিত (প্রভিশন ডিফারেল) সুবিধা প্রতিষ্ঠানটি গ্রহণ করতে পারবে না।

আইনি সীমার বেশি থাকা বিদ্যমান আমানতের বিষয়েও নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ কার্যকর হওয়ার আগে সংগৃহীত সীমার অতিরিক্ত আমানত মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বহাল থাকবে। মেয়াদ শেষে হিসাবধারীর লিখিত সম্মতি সাপেক্ষে সেগুলো নবায়ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব আর্থিক প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে আইনগত বা নিয়ন্ত্রক সংস্থার আমানত গ্রহণসংক্রান্ত নিষেধাজ্ঞা রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।

কোনো আদালত বা বাংলাদেশ ব্যাংক যদি আগে থেকেই কোনো আর্থিক প্রতিষ্ঠানকে আমানত গ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তাহলে সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩-এর ২৪(২) ধারার আওতায় জারি করা এই প্রজ্ঞাপনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Related Articles

Latest Posts