রাহানের বিদায়ে ফিরে দেখা সেরা পাঁচ টেস্ট ইনিংস

ক্রিকেট ইতিহাসে এমন অনেক ব্যাটসম্যান আছেন, যাদের নাম আলোচনায় এসেছে বড় বড় রেকর্ডের কারণে। আবার এমন কিছু ক্রিকেটারও আছেন, যারা আলো ছিনিয়ে নেওয়ার চেয়ে কঠিন মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন। অজিঙ্কা রাহানে ছিলেন সেই দ্বিতীয় শ্রেণির একজন নিঃশব্দ নায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর আলোচনা চলছে তার ক্যারিয়ারের সেই অসাধারণ টেস্ট ইনিংসগুলো নিয়ে যেগুলো শুধু রান নয়, ভারতের অনেক স্মরণীয় জয়ের ভিত্তিও গড়ে দিয়েছিল। নিম্নে তার সেরা পাঁচটি ইনিংস তুলে ধরা হলো—

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৭ (২০১৪)

২০১৪ সালে মেলবোর্ন টেস্টে ভারতের অবস্থা ছিল বেশ চাপে। সেই মুহূর্তে ব্যাট হাতে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন রাহানে। মিচেল জনসন, জশ হ্যাজেলউড ও রায়ান হ্যারিসের মতো ভয়ংকর পেসারদের বিপক্ষে মাত্র ১৭১ বলে খেলেন ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস।

বিরাট কোহলির সঙ্গে গড়ে তোলেন ২৬২ রানের জুটি, যা ভারতের ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসেও করেন ৪৮ রান। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও রাহানের শতককে বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটারদের অন্যতম সেরা টেস্ট ইনিংস হিসেবে বিবেচনা করা হয়।

ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৮ (২০১৬)

ইন্দোর টেস্টে ভারত যখন ৩ উইকেটে ১০০ রানে বিপদে, তখন দায়িত্ব নেন রাহানে। সেদিন খেলেন নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৮৮ রানের ইনিংস।

বিরাট কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন তখনকার রেকর্ড ৩৬৫ রানের জুটি। ছয় ঘণ্টার বেশি সময় ব্যাট করে ৩৮১ বলের ইনিংসে মারেন ১৮টি চার ও ৪টি ছক্কা। ভারতের ৫৫৭/৫ ঘোষিত ইনিংসের ভিত গড়ে দিয়ে দলকে বড় জয় এনে দেন এবং সিরিজও নিশ্চিত করেন।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ (২০১৪)

ক্রিকেটের মক্কা লর্ডসে ভারতের স্কোর যখন ৭ উইকেটে ১৪৫, তখন একাই লড়াই চালিয়ে যান রাহানে। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে অসাধারণ ধৈর্য ও সংযমে তুলে নেন শতক।

তার ১০৩ রানের ইনিংসে ভারত পৌঁছে যায় ২৯৫ রানে। এই শতকের সুবাদে জায়গা করে নেন লর্ডসের বিখ্যাত ‘অনার্স বোর্ডে’। সেই ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়কও ছিলেন তিনি।

মেলবোর্নে অধিনায়ক রাহানের শতক (২০২০)

অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জা, সঙ্গে বিরাট কোহলির অনুপস্থিতি, সব মিলিয়ে ভারতীয় দল তখন প্রবল চাপে। সেই কঠিন সময়ে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন রাহানে।

মেলবোর্নে খেলেন ১১২ রানের দুর্দান্ত ইনিংস, যা ভারতকে প্রথম ইনিংসে ১৩১ রানের গুরুত্বপূর্ণ লিড এনে দেয়। সেই শতকই পুরো সিরিজের গতি বদলে দেয়। পরে ভারত বর্ডার-গাভাস্কার ট্রফি সমতায় ফিরিয়ে এনে ঐতিহাসিক সিরিজ জয়ের পথ তৈরি করে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৯ (২০২৩)

দলে ফিরে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন রাহানে। দ্য ওভালে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে খেলেন ৮৯ রানের লড়াকু ইনিংস।

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও নাথান লিয়নের মতো বোলারদের সামনে ভারতের হয়ে সবচেয়ে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের অসাধারণ ক্যাচে তার ইনিংসের সমাপ্তি ঘটে। ভারত শিরোপা হারালেও সেই ৮৯ রান রাহানের অন্যতম মূল্যবান অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
 

Related Articles

Latest Posts