৫ বগি লাইনচ্যুত: সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চালু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যাত্রীবাহী কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ তথ্য জানান ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, লাইনচ্যুত বগিগুলো ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেছে। বিকেল ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ডেইলি স্টারকে বলেন, ঢাকার উদ্দেশে জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পাওয়ারকারসহ সামনের অংশের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।

Related Articles

Latest Posts