ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৫ কোটি ইউরোতে ফেরানকে চায় পিএসজি
ফেরান তোরেসকে দলে ভেড়াতে চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করছে পিএসজি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ডের জন্য ফরাসি ক্লাবটির প্রস্তাব হতে পারে প্রায় ৫ কোটি ইউরো। গত সপ্তাহেই খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল পিএসজি। এবার বার্সেলোনার সঙ্গে চুক্তিও দ্রুত চূড়ান্ত হওয়ার পথে। দুই ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো ও লুইস কাম্পোসের সাম্প্রতিক আলোচনায় অগ্রগতিও হয়েছে।
রদ্রিকে নিয়ে চুক্তির কাছাকাছি বার্সা
রদ্রিকে দলে ভেড়ানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বার্সেলোনা। বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত। দুই ক্লাবের মধ্যেও চলতি সপ্তাহান্তে আলোচনা এগিয়েছে। খুব শিগগিরই রদ্রিকে নিয়ে নতুন প্রস্তাব দিতে পারে বার্সেলোনা।
লেয়াওকে না পেয়ে মার্তিনেল্লিকে চায় গালাতাসারাই
রাফায়েল লেয়াওকে পাওয়ার আশা পূরণ না হওয়ায় এবার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে বিকল্প হিসেবে দেখছে গালাতাসারাই। ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে আর্সেনালের সঙ্গে যোগাযোগও করেছে তুরস্কের ক্লাবটি। তবে খেলোয়াড় ছাড়ার বিষয়ে এখনো আগ্রহী নয় আর্সেনাল। নতুন কোনো আক্রমণভাগের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারলেই কেবল মার্তিনেল্লিকে ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারে তারা।
আরাহোকে পেতে প্রস্তুত লিভারপুল
বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাহোর লিভারপুলে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার। দুই ক্লাব ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান করেছে। ফলে চলতি মৌসুমেই আরাহোকে লিভারপুলের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এন্দ্রিককে ধারে চায় ভিলা ও রোমা
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে ধারে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে অ্যাস্টন ভিলা ও রোমা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, দুই ক্লাবই ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য লোন চুক্তির সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
২০২৯ পর্যন্ত বায়ার্নে থাকছেন কেইন
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াতে যাচ্ছেন হ্যারি কেইন। দ্য টাইমস জানিয়েছে, ইংল্যান্ডের অধিনায়কের বর্তমান চুক্তি নবায়ন করে ২০২৯ সাল পর্যন্ত রাখার পরিকল্পনা করছে জার্মান ক্লাবটি।
বারকোলাকে নিয়ে লিভারপুলকে টেক্কা দিতে চায় আর্সেনাল
পিএসজির ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়ানোর দৌড়ে লিভারপুলের সঙ্গে যোগ দিয়েছে আর্সেনাল। গিভমিস্পোর্ট জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে লন্ডনের ক্লাবটি। লিভারপুলের সম্ভাব্য চুক্তি ভেস্তে দিয়ে বারকোলাকে নিজেদের দলে টানাই এখন আর্সেনালের লক্ষ্য।
ইউনাইটেডেই ফিরতে চান রাশফোর্ড
বার্সেলোনায় ধারে কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে দৃঢ়প্রতিজ্ঞ মার্কাস রাশফোর্ড। বৃটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ২৮ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড এবার ইউনাইটেডেই নিজের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে কাজ করতে চান।
গাকপোকে টটেনহ্যামে যেতে দিতে পারে লিভারপুল
কোডি গাকপোকে টটেনহ্যামে যাওয়ার পথ খুলে দিতে পারে লিভারপুল। ফুটবল ইনসাইডার জানিয়েছে, নিজেদের আক্রমণভাগের অন্যতম কাঙ্ক্ষিত খেলোয়াড়কে দলে ভেড়াতে পারলে গাকপোকে ছাড়ার বিষয়ে রাজি হতে পারে লিভারপুল। ফলে নেদারল্যান্ডসের ফরোয়ার্ডকে নিয়ে টটেনহ্যামের আগ্রহ নতুন করে গতি পেতে পারে।
ফেরানকে চেয়েছিল আর্সেনাল-টটেনহ্যামও
পিএসজির সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছানোর আগে ফেরান তোরেসকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল আর্সেনাল ও টটেনহ্যামও। টিমটক জানিয়েছে, বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে দুই লন্ডন ক্লাবেরই আগ্রহ ছিল। তবে পিএসজির সঙ্গে ব্যক্তিগত বিষয়ে সমঝোতার পর এখন প্যারিসের ক্লাবটির দিকেই এগিয়ে যাচ্ছেন ফেরান।
