শাকিব খানের বিপরীতে বাংলাদেশের আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। প্রথম সিনেমাতেই রীতিমতো আলোচনায় আসেন তিনি। এরপর ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের বিপরীতে তাকে দেখা যায় ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমাটিও আলোচিত ছিল। এবার একই নির্মাতার ‘নিঃস্ব’ সিনেমাতেও দেখা যাবে এই জুটিকে।
সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, ‘নিঃস্ব’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে ইতিমধ্যে ইধিকা পাল চূড়ান্ত হয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
তবে নায়িকা নির্বাচনের বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। শিগগিরই এটা জানাব। কাকে নেব, সবই মাথায় আছে। আপাতত এ নিয়ে আলোচনা চলুক।’
জানা গেছে, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু হবে। শাকিব খান বর্তমানে আমেরিকায় রয়েছেন, দেশে ফিরলেই এর আনুষ্ঠানিকতা শুরু হবে।
