জামালপুরের ইসলামপুরে মাছ ধরার জাল চুরির সন্দেহে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চর বারুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত—নূর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা—একই উপজেলার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের রফিকুল (৩৫)।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। আহত দুজনকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি ছোট নৌকায় করে তিনজন বারুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের জাল চুরির সন্দেহে ধাওয়া করেন। পালিয়ে গুঠাইল ঘাট-উলিয়ার দিকে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকার লোকজনও তাদের ধাওয়া দেন।
পরে বারুল এলাকায় তাদের ধরে মারধর করা হয়। এতে নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন জাহাঙ্গীর ও রফিকুল।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
