রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে নগরীর চোদ্দপাইয়ের মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির।
ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রিপন কুমারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাসিবকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ট্যাপেন্টাডল (ওপিওয়েড) উদ্ধার করা হয়েছে।’
সম্প্রতি চাঁদাবাজি ও এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন হাসিব।
এর আগে চাঁদাবাজি-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এলে, ২০২৪ সালের অক্টোবরে ছাত্রদলের পদ থেকে হাসিবকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।
এরপর গত বছরের জুনে তার বিরুদ্ধে আবারও চাঁদাবাজির এবং চলতি বছরের এপ্রিলে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গত ১১ জুলাই বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, দ্য ডেইলি ক্যাম্পাস, সকালের বুলেটিন ও এনটিভি অনলাইনের সম্পাদকসহ ছুরিকাঘাতের অভিযোগ করা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন হাসিব।
হাসিবের গ্রেপ্তার প্রসঙ্গে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, পুলিশ যদি হাসিবের মাদক সেবন বা মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় বিষয়টি তদন্ত করে দেখবে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
