নোয়াখালীর হাতিয়ায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ফার্মেসি মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. হেলাল উদ্দিন (৪২) হরণী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা। আদর্শ গ্রাম বাজারে তার একটি ফার্মেসি রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে আগামীকাল নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হবে।’
একই দিন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হবে বলেও জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিশুটিকে দোকানে ডাকেন হেলাল উদ্দিন। সেসময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।
এরপর হেলালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তার দোকানের সামনে যায় স্থানীয় লোকজন। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন রাসেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে।’
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হেলাল উদ্দিন আগে স্থানীয় আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২-৩ বছর আগে শিক্ষকতা ছেড়ে দেন তিনি।
