গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জৈনা বাজারের ইউটার্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার প্রায় শতাধিক শ্রমিক। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে তারা কারখানার সামনে বিক্ষোভ করেন।’
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, ‘বিভিন্ন সেকশনের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। মাস প্রায় শেষ হয়ে গেলেও বকেয়া বেতন দেওয়া হয়নি। বাধ্য হয়েই আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।’
এ বিষয়ে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক স্বপন মিয়া ডেইলি স্টারকে জানান, এ বিষয়ে মালিক ও শ্রমিক এর সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
